পার্বত্য শহর রাঙামাটির বিভিন্ন এলাকা টানা বর্ষণে ঝুকির মুখে এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত কয়েকদিনের ভারি বর্ষণ আর প্রবল বৃস্টিপাতের কারণে পার্বত্য শহর রাঙামাটি এখন ঝুঁকিতে। শহরের বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালে বসবাসকারি মানুষকে নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসনও। ইতিমধ্যে শহরে মাইকিং করে ঝুঁকিপূর্ণস্থানে বসবাস করা মানুষকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ইতিমধ্যেই শহরের ৩১টি এলাকাকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে ১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি ৮০ মেট্রিক টন চাল ও ১ লাখ ২০ হাজার টাকা আপদকালিন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য যে কোনো ঝুকি বা বিপর্যয় এড়াতে স্থানীয় প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হলেও দরিদ্র মানুষ বিকল্প স্থান না থাকায় সরছেন না এলাকাবাসীরা।
তারা বলছেন, বাড়ি থেকে না সরে পাহাড়ের পানি নিস্কাশনের বিকল্প উপায় তৈরি করলে পাহাড় ধ্বস থেকে বেঁচে যেতে পারেন।