লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা ও রংপুরের গঙ্গাচড়ার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১২ সালের ১ মে শুরু হয় দ্বিতীয় তিস্তা সেতুর নির্মাণ কাজ। কিন্তু নির্দিষ্ট সময়ের এক বছর পরও দ্বিতীয় তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নদী তীরবর্তী মানুষেরা। স্থানীয়দের অভিযোগ নানা অযুহাতে নির্মাণ কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে।
বর্ষায় খরস্রোতা নদী পারাপারে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করেন স্থানীয়রা। সেতুটি নির্মিত হলে দেশের অন্যতম স্থল বন্দর বুড়িমারীসহ লালমনিরহাটের চারটি উপজেলার সঙ্গে রংপুরের প্রায় ৫০ কিলোমিটার দুরত্ব কমে আসবে।
কিন্তু সেতুটির নির্মাণ কাজ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র ৬০ ভাগ। রাজনৈতিক অস্থিরতায় মাঝপথেই নির্মাণ কাজ থেমে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল আমিন বলেন, অর্থ সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় মালামাল আনতে না পারায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি।
দ্রুত নির্মাণ কাজ শেষ করে অবিলম্বে সেতুটি চালু করা হবে এমনটাই দাবি এলাকাবাসীর।