ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না। ইলিশ না পাওয়ায় মাছ ধরার নৌকা ও ট্রলার ভাড়ার টাকাও উশুল হচ্ছে না জেলেদের। ফলে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে দিন কাটছে তাদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়কে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। এ সময়ে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রচুর পরিমানে ইলিশ পাওয়া যায়।
তবে এ বছর ইলিশের মৌসুম শুরু হলেও নদীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে অনেক চেষ্টা করেও ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। এতে উপার্জন কমে যাওয়ায় সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়ছেন এসব জেলেরা। সামনে ঈদ থাকায় ইলিশের এ সংকটে দুশ্চিন্তার ছাপ পড়েছে তাদের চোখে মুখে।
ইলিশের সংকটের কারণে জমে উঠছে না এসব এলারকার মাছের আড়ৎগুলো। ফলে লোকসানের গুনতে হচ্চে আড়ৎদারদের।
ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে ইলিশ আসতে দেরি হচ্ছে। কিছুদিনের মধ্যে নদীতে ইলিশ পাওয়া যাবে।