বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগের শেষ নেই যশোর পৌরসভার বাসিন্দাদের।
ভাঙ্গা চোরা রাস্তা আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে যশোর শহর। এ অবস্থার মধ্যে পৌর কর্তৃপক্ষ খোড়াখুড়ির কাজ করতে থাকায় জনদুর্ভোগ বেড়েছে আরো কয়েকগুণ। বৃষ্টির পানি বের হতে না পারায় কাঁদাপানিতেই বসবাস করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
১৪ বর্গকিলোমিটার আয়তনের যশোর পৌরসভার পাকা, কাঁচা এবং আধা পাকা মিলে রাস্তা রয়েছে দেড়শ কিলোমিটার। তবে এর অধিকাংশই নষ্ট হয়ে হয়ে গেছে। বেশির ভাগই হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। সেই সঙ্গে রয়েছে ড্রেনেজ সমস্যা। এ অবস্থায় ভারি বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে শহর। নিচু এলাকার বাসিন্দারা হয়ে পড়ছেন পানিবন্দি।
বৃষ্টির পানি সরে না যাওয়ায় ঘরে-বাইরে কাঁদাপানিতেই জীবনযাপন করতে হচ্ছে নগরবাসীকে।
এদিকে, পৌরকর্তৃপক্ষ বর্ষা মৌসুমে খোড়াখুড়ির কাজ করতে থাকায় শহরের বেজপাড়া, আনছার ক্যাম্প, শংকরপুর, আশ্রম রোড, ভোলাট্যাংক রোডসহ বেশ কয়েকটি এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
জলাবদ্ধতার কথা স্বীকার করে যশোর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহাঙ্গীর আহমেদ শাকিল বলেন, এবার ভারি বৃষ্টি হওয়ায় সমস্যা বেশি হয়েছে তবে ড্রেন নির্মাণ কাজ শেষ হলে আগামীতে সমস্যা আর হবে না।
যশোর পৌরসভার দুরাবস্থা লাঘবে পৌরকর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা যশোরপৌরবাসীর।