ময়মনসিংহ শহরে যাকাতের কাপড় নিয়ে গিয়ে পদদলিত হয়ে ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কারখানার মালিক শামীম তালুকদারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনেরও একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের আগামী ৫ ও ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পুলিশ সুপার মঈনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের কাচারীঘাট এলাকায় নুরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম মিয়ার বাসার সামনে যাকাতের কাপড় নিতে ভিড় জমায় দরিদ্র মানুষ। রাস্তার প্রশস্থ কম হওয়ার কারণে অতিরিক্ত ভিড়ে হিমশিম খেয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে কাপড় নেয়ার সময় সুশৃঙ্খল লাইনের ব্যবস্থা না করায় এমন ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।