সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি গরু রাখাল মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার মধ্যরাতে কুশখালী গ্রামের বাদিলকি বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বলেন, রাতে স্থানীয়রা বিলে মুকুল হোসেনের মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মুকুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে পুলিশকে কিছুই অবহিত করা হয়নি।
গত ১০ জুলাই রাতে মুকুলসহ কয়েকজন গরু রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। পরে রাতে বিলে তার মরদেহ পাওয়া যায়।