বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কিশোরগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে যায়। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও পরিস্থিতি থেকে উত্তরণে স্থায়ী কোনো সমাধানে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কিশোরগঞ্জ পৌরসভার নগুয়া পিকআপ স্ট্যান্ড, হোসেনপুর, বত্রিশ নূরানী, আমলিতলা, একরামপুরসহ বিভিন্ন সড়ক এখন পানির নীচে। বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তলিয়ে যায় রাস্তা-ঘাট।
পানি ঢুকে পড়ে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসেও। ফলে সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ব্যহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে, জমে থাকা পানিতে চলাচলে ঘাঁ-সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে হয়। বছরের পর বছর এ অবস্থা চললেও, সমস্যার সমাধানে পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
তবে খুব দ্রুতই সড়কগুলো মেরামত করে সমস্যার সমাধান করা হবে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।