দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে এবার আগে থেকেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে ঈদের আগে-পরে তিনদিন করে ছয়দিন এ পথে ট্রাক পারাপার বন্ধ রাখার।
এরইমধ্যে যৌথসভাকরেছে রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ, লঞ্চ ও পরিবহন মালিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন অনেকেই। নদীর ঘাটে তাই বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। তবে প্রতিবারের মত এবার দৌলতদিয়া-পাটুরিয়া নদীপথে যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
এরইমধ্যে রাজবাড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ, বিআইডব্লিউটিসি, বিদ্যুত বিভাগ, লঞ্চ ও পরিবহন মালিকদের সভা হয়েছে। ঈদের আগে পরে ছয়দিন এপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে সভায়।
যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে দৌলতদিয়া ঘাট এলাকায় থাকছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ফেরি চলাচল অব্যাহত রাখতে থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে প্রস্তুত রাখা হয়েছে এ রুটে চলাচলকারী সব লঞ্চ। ১৬টি ফেরির সঙ্গে যোগ হবে আরো ২টি ফেরি।
এদিকে, যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।