দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার মোনাজাতের মাধ্যমে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঐতিহ্যবাহী এ মাঠে অনুষ্ঠিত হল ১৮৮তম ঈদের জামাত।
সকাল ১০টায় শুরু হওয়া দেশের সবচেয়ে বড় এ ঈদ জামাতে ইমামতি করেন বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
সারাদেশ থেকে প্রায় ৪ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে এবারের ঈদ জামাতে। জামাতে অংশগ্রহণকারীদের ভিড় ৭ একর আয়তনের শোলাকিয়া মাঠ ছাপিয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তা, ফাঁকা জমি, নদীর পাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
বরাবরের মতো এবারো শোলাকিয়ার ঈদ জামাতে দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার সব বয়সের মানুষ অংশ নেন।
জামাতকে কেন্দ্র করে নেয়া হয়েছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুরো ঈদ ময়দান এলাকায় বসানো হয়েছিল সিসি ক্যামেরা। মূল ময়দানে প্রবেশের ২৮টি পথে বসানো হয় মেটালডিটেক্টর। হাজারেরও বেশি পুলিশ, আমর্ড পুলিশ ও র্যা বের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে নির্বিঘ্নে নামাজ আদায় করেছেন মানুষ।