বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে মায়ানমার ইমিগ্রেশন বিভাগ।
বুধবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এলাকায় মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়।
দুপুর ১টার দিকে বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে পর্যায়ক্রমে ১৫৫ জনকে নিয়ে আসা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তারা।
এর আগে সকাল ১০টায় বিজিবির নের্তৃত্বে বাংলাদেশ থেকে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মিয়ানমারের ঢেকুবনিয়া বর্ডারগার্ড পুলিশ ক্যাম্পে যায়। সেখানে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে তারা বৈঠকে বসে।
উদ্ধারকৃত ১৫৫ জন বাংলাদেশির পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে বৈঠকে জানানো হয়।
গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী ৭২৭ জন অভিবাসী প্রত্যাশিকে উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জন বাংলাদেশিকে আজ (বুধবার) ফেরত পাঠানো হয়।
এর আগে ২১ মে উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসী প্রত্যাশিকেও যাচাই-বাছাই শেষে বাংলাদেশে ফেরৎ পাঠায় মিয়ানমার ইমিগ্রশন বিভাগ।