গাজীপুরে ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৮ আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরের হায়দরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৭ জনই এক পরিবারের। নিহতরা হলেন : শাহ আলম (২৭), তার স্ত্রী পেয়ারা বেগম (২১), তার মামাতো ভাই চুন্নু মিয়া (২৪), চাচাতো ভাই আল আমিন (২৮) ও ৩ বছর বয়সী এক ছেলে, ৪ বছরের এক মেয়ে এবং ৬ বছরের এক শ্যালিকা।
তাদের বাড়ি নরসিংদীর জিতরামপুরে। তারা নরসিংদী থেকে গাজীপুরের বোর্ডবাজারের খাইলকুড় যাচ্ছিলেন। তবে নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর পৌনে ৩টার দিকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি চলন্ত ডেমু ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৮ আরোহীর মৃত্যু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলনে, এ দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।