গাজীপুরের নাওজোড়ে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, গোপালগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়ে চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবোঝাই একটি লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লগেুনার হেলপার, চালক এবং এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন অপর ৬ জন। হাসপাতালে নেওয়ার পথে আরো ২ যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলে বাস খাদে পড়ে মারা যান ৮ জন। একইদিন গাজীপুরের হায়দরাবাদে ডেমু ট্রেনের ধাক্কায় শিশুসহ ৮ অটোরিক্সা যাত্রীর মৃত্যু হয়।
একই দিন, পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেট, কুমিল্লা, মাগুরা এবং ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১০ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয় কমপক্ষে ৮০ জন।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছে ২ জন। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের সংষর্ষে ৫ জন আহত হয়েছে।
ঈদে পথে বিড়ম্বনা তুলনামুলক কম পোহাতে হলেও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গত কয়েকদিনে সারাদেশে সড়কে প্রাণ ঝরেছে বহু মানুষের। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো অনেকেই।