লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলার নাগরিকত্ব পাওয়া ৪১ হাজার ৪৪৯ জন মানুষের পরিচয় এখন বাংলাদেশি। ৬৮ বছরের পরিচয়হীন থাকার পর মানুষগুলো এখন ভাসছেন আনন্দের বন্যায়। পিছিয়ে পড়া এ জনগষ্ঠীর প্রত্যাশা, তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার।
লালমনিরহাট, কুড়ি্গ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৭ হাজার একর আয়তনের এলাকা নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে। দেশের নাগরিকত্ব পেয়েছন ৪১ হাজার ৪৪৯ জন মানুষ। একদিন আগেও এসব এলাকা পরিচিত ছিল ছিটমহল নামে।
ছিটমহলবাসী হিসেবে নাগরিকত্বের পরিচয় শূন্যতায় ভুগছিলেন এসব এলাকার মানুষ। ৬৮ বছরের পরিচয় হীন থাকার পর এ মানুষগুলোর চোখে মুখে এখন চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। আনন্দে আত্মহারা এ মানুষগুলো স্বপ্ন দেখছেন কিভাবে সাজাবেন তাদের আগামী দিনগুলো।
নাগরিকত্ব দেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর মানুষ। একই সঙ্গে তারা সরকারে প্রতি দাবি জানাচ্ছেন, মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নের।
এদিকে, এসব এলাকা পরিদর্শনে গিয়ে এ জনগষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।