মুন্সীগঞ্জের পদ্মায় তীব্র স্রোতে দুটি বালুবাহী ট্রলার ডুবে শনিবার কমপক্ষে ২৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রীনগরের ভাগ্যকুল থেকে বালু বোঝাই দুটি ট্রলার নারায়ণগঞ্জের বক্তাবলি যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে ট্রলার দুটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে পৌঁছলে স্রোতের ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে মুহূর্তেই ট্রলার দুটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা ৫৮ জন বালু শ্রমিকের মধ্যে ৩০ জন সাঁতরে তীরে ওঠেন। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল ও পাগলা কোস্টগার্ডের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
তবে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে, উদ্ধার হওয়া বালু শ্রমিকদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।