মহাসড়কে টেম্পু, সিএনজি চালিত অটোরিক্সা, নসিমন-করিমনসহ ৩ চাকার যান চলাচল বন্ধের প্রতিবাদে রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে এসব যানবাহনের মালিক-শ্রমিকরা। বরিশালও সিলেটসহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অটোরিক্সা শ্রমিকরা।
সকালে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী ও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখীতে অবস্থান নেয় তারা। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে থ্রি হুইলার মালিক ও শ্রমিকরা। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গৌরনদী হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও সাভারের থানা বাস স্ট্যান্ডে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিক্সা মালিক ও চালকরা। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের দাবিতে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ করছে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
একই দাবিতে সাটুরিয়া- ধামরাই সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।