ভারি বর্ষণ ও প্রবল জোয়ারে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মেঘনার পানি বেড়ে ভোলার চারটি উপজেলার ৬০টি গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, টানা কয়েক দিনের বৃষ্টি ও পূর্ণিমার কারণে সৃষ্ট প্রবল জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভোলা সদর, দৌলতখান, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ৬০ টি গ্রামে পানি বন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ভেসে গেছে বসতবাড়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।
যশোরের মনিরামপুরে অতিবৃষ্টির কারণে ১২টি ইউনিয়নের ৩২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় বেড়িবাধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। কোথাও কোথাও খাবার পানির অভাব দেখা দিয়েছে।
পরিবার পরিজন ও গবাদী পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। চারদিকে জলাবদ্ধতার করণে কোন কাজকর্ম করতে না পারায় চরম অভাবে দিন কাটাচ্ছেন এসব এলাকার মানুষ।
এদিকে শনিবার রাতে প্রবল জোয়ারে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা পয়েন্টে প্রায় দুইশ ফুট বেড়িবাঁধ নদীতে বিলিন হয়ে যায়। এতে চাকলা গ্রামসহ আশপাশের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। একই সঙ্গে প্রায় আড়াইশ পরিবার বানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে দুইশ বিঘা মাছের ঘের।