মুন্সীগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া ট্রলারের ৪ যাত্রী এখন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে রোববারও উদ্ধার কাজ অব্যাহত রেখেছে কোস্টগার্ড।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার শ্রীনগরের ভাগ্যকুল থেকে বালু বোঝাই দুইটি ট্রলার নারায়ণগঞ্জের বক্তাবলি যাচ্ছিল। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে পৌঁছলে স্রোতের ঘূর্নাবর্তে পড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলার দুইটি।
এ সময় ট্রলারে থাকা ৫৮ জন বালু শ্রমিকের মধ্যে ৩০ জন তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে ওঠেন।
পরে খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল ও পাগলা কোস্টগার্ডের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪ শ্রমিক।
এদিকে, উদ্ধার হওয়া বালু শ্রমিকদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।