মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ চাকার যানবাহন চলাচল বন্ধের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে এসব যানবাহনের মালিক-শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন,সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল রোড় ও কাঁচপুর, মদনপুর এলাকায় দফায় দফায় অবরোধ করে রাখেন সিএনজি মালিক ও চালকরা। এ সময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করলে কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ।
এদিকে, মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবরোধ করে অটোরিক্সা মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা। এসময় তারা বেশ কয়েকটি বাসের চাকা পাংচার করে। এতে করে মহাসড়কের দুই দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলীতে সিএনজি অটোরিক্সা মালিকরা মহাসড়কে নামতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে ৫ জন আহত হয়।