চাঁদপুরের শাহরাস্তিতে জিনের আছর ছাড়ানোর নামে সাড়ে ৩ বছরের মেয়ে সুমাইয়াকে পিটিয়ে, নির্যাতন করে হত্যা করেছে তার মা-বাবা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের তারাপুর কামারবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার পরই নিহত সুমাইয়ার বাবা এমরান হোসেন ও মা আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চাঁদপুরের আমেনা বেগমকে গত এক সপ্তাহ যাবত জিনে ধরেছে বলে তার বাড়ির ও আশপাশের লোকজনকে জানান তার স্বামী কাঠমিস্ত্রি এমরান হোসেন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে অনেক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। এরইমধ্যে ঝাড় ফুঁয়ের নামে গত ৩-৪ দিনে আশপাশের বাড়ির ৪টি শিশুকে বেদম মারধর করেন আমেনা। এরপর সোমবার সকালে আমেনা তার নিজ সন্তান সুমাইয়াকে মাটিতে রেখে তার ওপর চেপে বসেন। আর তার বাবা গাছের ডাল দিয়ে তাকে মারতে শুরু করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে এলে তারা তাদের উপরও চড়াও হয়। পরে, পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে তার নানীর কাছে দেয়।
এ সময়, আমেনা ও তার স্বামী এমরান জানান, তারা গরিব ও বিভিন্ন এনজিও থেকে বিশাল অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। টাকা পরিশোধ করতে না পারায় তারা এ প্রতারণা আশ্রয় নিয়েছেন। পরে, পুলিশ তাদের ছেড়ে দেয়। ওই দিন রাতে সুমাইয়াকে তার নানী তার মা-বাবার কাছে দিয়ে যান। পরে রাত সাড়ে তিনটার দিকে ওই দম্পত্তি আবারও জিন তাড়ানোর নামে বাচ্চাটির উপর নির্যাতন চালায়। এতে, রাতেই বাচ্চাটির মৃত্যু হয়।
সকালে ঘরের দরজা না খুললে লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশের সাহয্যে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে বাচ্চাটি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। পাশে বসে আছে বাবা-মা। এরপরই নিহত সুমাইয়ার মা-বাবাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।