সড়ক ও পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনাই মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ—উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের বলেন, শুধু থ্রি হুইলার বন্ধ করলেই মহাসড়কে দুর্ঘটনা কমবেনা, এ জন্য লাইসেন্সবিহীন অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়িও দায়ী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে ফুটওভার ব্রীজ উদ্ধোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, থ্রি হুইলার বন্ধ হওয়ায় গত ৭ দিনে মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই কমে গেছে। দুর্ঘটনা যাতে আরো কমে যায় এজন্য মন্ত্রণালয় ১০ আগষ্ট থেকে বিশেষ প্রচারাভিযান পরিচালনা করবে।
ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনা সরকার পদ্মাসেতু, এ্যালিগেটেড ওয়ে, কর্ণফুলী টানেল, মেট্রোরেল ও ফোর লেন প্রকল্পসহ অনেক প্রকল্পতেই উদ্যেগ নিয়েছেন। এসবের সুফল জনগণ ততক্ষণা পাবেন না যতক্ষন না পর্যন্ত সড়ক ও পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারা যায়।
থ্রি হুইলার চালকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনা হলেই বাস-ট্রাকসহ বড় গাড়ির চালকরা বেঁচে গেলেও থ্রি হুইলারের চালক বাঁচতে পারেনা। তাদেও রক্ষা করাও আমাদের দায়িত্ব। আগে জীবন রক্ষা করতে হবে তারপর জীবিকার বিষয়টি পর্যায়ক্রমে দেখা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী এ সময় মহাসড়কের পাশে থ্রি হুইলারের জন্য আরেকটি বিকল্প রাস্তা তৈরি করারও প্রতিশ্রুতি দেন।