নতুন আদালত গঠন করে ফেলানি হত্যার বিচার কার্যক্রম পরিচালনার আশ্বাস দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডি.কে. পাঠক। গত সোমবার ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এক কথা জানান তিনি।
বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে বিএসএফ মহাপরিচালক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে জানিয়েছেন, ফেলানি ইস্যুতে নিম্ন আদালতের রায় এখনো তিনি অনুমোদন করেননি। এ রায়ে ফেলানির পরিবারের সংক্ষুব্ধ হওয়ার বিষয়টি বিএসএফ অবহিত করলে তারা নতুন বিচারকের সমন্বয়ে নতুনভাবে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফেলানির বাবা এবং তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানানো হয়।
বৈঠকে সীমান্তে বাংলাদেশি হত্যা, মাদক চোরাচালান, মানবপাচার, অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ আরো কয়েকটি বিষয়ে আলোচনা হয়।