সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার উপকুল থেকে উদ্ধার করা আরো ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে সোমবার দেশে ফিরিয়ে আনা হয়েছে।
কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল তাদেরকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঢেকিবুনিয়া ক্যাম্প থেকে একটি পতাকা বৈঠক শেষে ফিরিয়ে আনে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিকেলে উদ্ধার হওয়া এসব অভিবাসীকে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হবে। সেখানে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে ছেড়ে দিবেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, অভিবাসীদের মধ্যে মোট ১০ জেলার লোক রয়েছে। এর মধ্যে নরসিংদীরই ৮০ জন। এছাড়া নারায়ণগঞ্জ ও ফরিদপুরের ১২ জন করে ২৪ জন, কিশোরগঞ্জের ১৩, হবিগঞ্জের ১৭ চট্টগ্রামের ১৮ জন অভিবাসী রয়েছে। নওগার ২ জন, নাটরের একজন, শরীয়তপুরের ৩ জন এবং বরিশালেরও একজন রয়েছে উদ্ধারকৃত অভিবাসীর তালিকায়।