একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই দুই আসামি ও ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেট বাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামি বহনকারী ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি যাচ্ছিল নেত্রকোনায়।
তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমজাদ হাজি (৮৮) ও রিয়াজ ফকিরকে (৬৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ১১ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ।