যাত্রীদের পিটুনিতে চালক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট পথের সব বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের এ ধর্মঘট বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা সাংবাদিকেদের বলেন, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ঢাকার পথে বাস বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক। সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে সংজ্ঞা হারান চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিলেটের শ্রমিক নেতা সেলিম আহমেদ বুধবার ধর্মঘটের কর্মসূচি দেন।
চালককে মারধরের ঘটনায় রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬) নামে চার যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন মঙ্গলবার ওই চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান।