যশোরে পুলিশের সঙ্গে অপহরণকারীদের বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। এসময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অস্ত্রসহ আটক করা হয় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে ঝিকরগাছা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে যশোরে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে, পুলিশের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাটে অবস্থান নেয়। একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হলে তারা সেটিকে ধাওয়া করে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাঠি এলাকায় পৌঁছায়।
এসময় অপহরণকারীরা পুলিশের গাড়ির ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাসসহ ৪ পুলিশ সদস্য আহত হন। আহত হন অপহরণকারী চক্রের ৩ সদস্যও।
উদ্ধার করা হয় অপহৃত আব্দুল আজিজকে। পরে পুলিশ আহত ৩ অপহরণকারীকে আটক করে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে।