পরিত্যাক্ত ঘোষণার পরও জীবনের ঝুঁকি নিয়ে চলছে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না করায় আতংকের মধ্যে বসবাস করছেন স্টাফ কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা। সামান্য বৃষ্টি বা ঝড়ে দুর্ভোগ পোহান বসবাসকারীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ২০১১ সালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদের একটি অফিস ভবন ও স্টাফ কোয়ার্টার পরিত্যাক্ত ঘোষণা করা হয়। তবে এসব ভবনে রয়েছে অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের বাসাবাড়ি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা এসব ভবনের। ফেটে গেছে দেয়াল, খসে পড়ছে ছাদের পলেস্তেরা।
সামান্য ঝড়-বৃষ্টিতেই দুর্ভোগ পড়েন বাসিন্দারা। তারপরও জরাজীর্ণ এসব ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার, চলছে দাপ্তরিক কাজকর্মও।
দ্রুত এসব ভবন সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
যে কোনো সময় ধসে পড়ার আশংকার কথা জানিয়ে শিগগিরই ভবনগুলো পুনর্নির্মাণের আশ্বাস দিলেন মৌলভীবাজার রাজনগরের এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাই।