কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেককে রোববার প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা ডিআইজি ইকরামুল হাবিব।
ডিআইজি সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, যুবলীগ কর্মী সবুজ নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তার পরিবার বা পুলিশের পক্ষ থেকে কোন মামলা দায়ের হয়নি। এ সময় বিষয়টি তদন্ত শেষে অভিযুক্তদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এদিকে, রোববার ভোররাতে সবুজের লাইসেন্সধারী ৫৬ রাউন্ড গুলিসহ শর্টগানটি জব্দ করেছে পুলিশ।
শনিবার জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সবুজ নামে এক কর্মী নিহত হন।