সুরমা নদীতে জহুর সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সেতু চালু হলে সুরমার উত্তর পাড়ের সামাজিক, অর্থনৈতিক ও পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। যার সুফল ভোগ করবেন এ অঞ্চলের কয়েক লাখ মানুষ।
হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। জেলার সদর উপজেলার সঙ্গে অন্য চার উপজেলা জামালঞ্জ, বিশম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশার যোগাযোগ করতে হয় সুরমা নদী দিয়ে।
এ নদীর উত্তরের চার উপজেলার জনসংখ্যা প্রায় ৩০ লাখ। বালু, কয়লার মতো প্রাকৃতিক খনিজ সম্পদ ও টাঙ্গুয়ার হাওরের জন্য এ চার উপজেলা পরিচিত। তবে সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হয় এসব এলাকার মানুষকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নদীতে একটি সেতু নির্মাণের। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার।
সুরমা নদীতে নির্মাণ করা হয়েছে ৬৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে "আব্দুজ জহুর" সেতু উদ্বোধনের পরপরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সেতু উদ্বোধনের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
সেতুটি চালুর মধ্য দিয়ে এ অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রবীণ জননেতা বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুজ জহুরের নামে নামকরণ করা হয়েছে।