আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলার লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লতিফুর রহমান পলাশ ও বনি শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এ দ্বন্দ্বের জের ধরে বিকেলে কুমড়ি পশ্চিমপাড়ায় দুইপক্ষের সংঘর্ঘ বেঁধে যায়। সংঘর্ঘ চলাকালে পলাশ গ্রুপের লোকজন বনি শেখের ওপর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় গুলিতে বনি শেখ গ্রুপের সৈয়দ ইলিয়াস আলী নিহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।