পিরোজপুরের কদমতলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে দেলোয়ার শেখ (৬০) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বাবুল শেখকে (৫০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়ের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পিরোজপুর সদর উপজেলার কদমতলার দেলোয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশি চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিলো। গতকাল রাত সাড়ে ১০টার দিকে দেলোয়ার মাছ ধরতে বের হলে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দেলোয়ারের ভাই বাবুলসহ পরিবারের লোকজন ছুটে গেলে তাকে কুপিয়ে আহত করে হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। আর বাবুলকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো: মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা করেনি নিহতের আত্মীয়রা বলেও জানান তিনি।