জামালপুরের বকশিগঞ্জে শনিবার মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিন জন মারা গেছেন আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
নিহত ব্যক্তিরা হলেন—বাবুল মিয়া (২৬), তার স্ত্রী শিল্পী বেগম (২২) ও তাদের আট মাস বয়সী ছেলে আবদুল্লাহ।
আহত তিন জন হলেন: বাবুলের দুই ভাই সাইদুর রহমান ও বাদশা মিয়া এবং বাদশার শ্যালক রিপন।
পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাট্টাজোর এলাকায় বকশিগঞ্জ-রাজিবপুর সড়কে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বকশিগঞ্জের বাট্টাজোর এলাকায় মাইক্রোবাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হন। মাইক্রোবাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর যাচ্ছিল।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মাইক্রোবাসের চালককে।