মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়াসহ একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ইলিয়াস হোসেন ও সোহেল মিয়া আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।
দুপুরে জেলা দায়রা জজ আদালতে এ দুই আসামি আত্মসমর্পণ করে। এসময় আসামিরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
এর আগে ১৮ আগস্ট গভীর রাতে মামলার অন্যতম আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে "কথিত বন্দুক যুদ্ধে" নিহত হন।
গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন গর্ভবতী নাজমা বেগম। এতে মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয় ৮ মাস বয়সের শিশু সুরাইয়া। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে মোমিন ভূইয়া নামের এক ব্যক্তি নিহত হন।