সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের জন্য তার বাবা নুরুল ইসলামকে দায়ী করে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের দেয়া ক্ষতিপূরণের নির্দেশনার জবাব দিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের চিঠির জবাবে বলেছে , ফেলানীকে নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ওই হত্যাকাণ্ড ঘটে, আর এর জন্য তার বাবাই দায়ী।
এর আগে, ৩১ আগস্ট ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানী হত্যাকাণ্ডে তার পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়। এ অর্থ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রদান করতে বলা হয়।
এদিকে, বিএসএফ সদস্য অমিয় ঘোষকে ফেলানী হত্যার অভিযোগ থেকে আড়াল করতেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন জবাব দিয়েছে বলে এক প্রতিক্রিয়ায় জানান ফেলানীর বাবার আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন।