সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যাত্রীবাহী দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার খালকুলা নামক স্থানে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।।
নিহত ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাদশা মিয়া (৪২), উল্লাপাড়া উপজেলার আতাব আলী (৩৫), নাটোরের গুরুদাসপুর উপজেলার মোন্নাফ আলী (৬১) এবং অজ্ঞাত পরিচয়ের দুজন।
হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, একটি ট্রাককে অতিক্রম করার সময় ঢাকা থেকে রাজশাহীগামী দেশ পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা নাটোর থেকে হাটিকুমরুলগামী শিশির পরিবহন বাসের সঙ্গে দেশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বাস দুটির সঙ্গে ট্রাকটিরও সংঘর্ষ হয়।
এ ঘটনায় শিশির পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটি সড়কের ওপর উল্টে যায়। অন্য বাস ও ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এই সংঘর্ষে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা শিশির পরিবহনের যাত্রী ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। পরে হতাহতদের উদ্ধার করা হয়।
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনী বলেন, নিহত ৫ জনের মধ্যে তিনজনের মরদেহ শনাক্ত করা গেছে।
অজ্ঞাতদের মধ্যে এক জনের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় এবং অপরটি সিরাজগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।
রাতেই হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা এবং আহত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।