হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লেগে বোসিং ইনসুলিটার ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে।
গতকাল-বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে ৭০ মেগাওয়াট।
বৃহস্পতিবার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে চালু থাকা ৮ ও ৯ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বোসিং ইনসুলিটার ফেটে আগুন লেগে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৮ ও ৯ নম্বর ইউনিট ২টি পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এর ফলে এ উৎপাদন কেন্দ্র থেকে কোনো বিদ্যুত জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ওভার হোলিংয়ের মাধ্যমে ৮ ও ৯ নং দুটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট সরবরাহ করা হত। কবে নাগাদ বন্ধ হয়ে পড়া ২টি ইউনিট চালু হবে এ ব্যাপারে ব্যবস্থাপক নিশ্চিত করে কিছু বলতে পারেননি।