কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবারের মত এবারো গরু মোটাতাজা করেছেন চুয়াডাঙ্গার খামারীরা। হাটে এ গরু বিক্রি করে এবার ঈদে লাভবান হওয়ার আশা করছেন তারা। তবে ভারত থেকে অবৈধ পথে গরু আমদানি হলে লোকসান গুনতে হবে বলে আশংকা করছেন খামারীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কোরবানির ঈদের বাকি আর কয়েকদিন। ঈদকে সামনে রেখে প্রতিবারের মত এবারও চুয়াডাঙ্গা জেলার গুরুর খামারীরা ব্যস্ত গরু মোটাতাজা করণের কাজে। ৬ থেকে ৭ মাস আগে খামারীরা বিভিন্ন হাট ঘুরে ঋনের টাকায় গরু কিনে লালনপালন করেন। এসব গরু মোটা-তাজা করা হয় দেশিয় খাবার খাইয়ে।
স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এসব গরু সরবরাহ করা হয়। এতে লাভবান হন খামারীরা। তবে ভারত থেকে অবৈধ পথে গরু আসলে লোকসান গুনতে হয় খামারীদের।
চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল বলেন, ঈদকে সামনে রেখে জেলার ছোট-বড় ২৫ হাজার ১৭৫টি খামারে এবছর প্রায় দেড়লাখ গরু ছাগল কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে প্রায় ৬০ হাজার গরু ও একলাখ ছাগল রয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের তদারকি বৃদ্ধি ও সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া গেলে এ ব্যবসায়ের আরো প্রসার ঘটবে বলে মনে করছেন এ প্রাণী সম্পদ কর্মকর্তা।