রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোড়া ও খানাখন্দে ভরা। ফলে পরিবহন শ্রমিক ও যাত্রী সাধারণকে প্রতিনিয়তই অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ঈদের আগে সড়কটি মেরামত করা না হলে ঈদ-যাত্রা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা সবার।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজবাড়ী থেকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত ১০ কিলোমিটার এবং শহরের বড়পুকুর থেকে কুষ্টিয়া সড়কের বাগমারা পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে ও ছোট-বড় খানাখন্দে ভরে গেছে।
বিশেষ করে শহরের পাবলিক হেলথ মোড় থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত রাস্তাটির অবস্থা সবচেয়ে বেহাল। ঝুঁকিপূর্ণ হিসবে সেখানে লাল নিশানাও টাঙিয়ে দিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
ভাঙা-চোড়া এসব স্থানে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনকে। ভারি পরিবহন চলাচলের কারণেই সড়কগুলোর অবস্থা আরো খারাপ হয়েছে বলে দাবি এলাকাবাসির।
ঈদের আগে সড়কগুল মেরামত করা না হলে ঘরমুখী মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলেও আশংকা স্থানীয়দের।
এদিকে, যাত্রী দুর্ভোগ কমাতে ঈদের আগেই সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।