গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের নাটিয়াপাড়া পর্যন্ত শনিবার প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৫টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। যানজেটে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে আছেন হাজারো যাত্রী।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে নাটিয়াপাড়াতে হাইপ্রেসার সিএনজি স্টেশনের সামনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি বিকল হয়ে পড়ে। এরপর যানজট শুরু। কিছুক্ষণ পর বাস ও ট্রাকটি সরিয়ে নিলেও যানবাহনের চাপ বাড়তে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
রাস্তার একপাশে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকামুখী গাড়িগুলো থেমে থেমে চলছে। অন্যপাশে ঢাকা থেকে টাঙ্গাইলমুখী গাড়িগুলো ধীর গতিতে চলছে।
গরু বোঝাই ট্রাকের চালক জাহেদুল বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছেন। ৪টার সময় সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছেন। এলেঙ্গা পার হতেই যানজটে পড়েন। সাড়ে সাতটা থেকে মির্জাপুরে আটকে আছেন।