টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় যেসব পুলিশ সদস্য গুলি ছুঁড়েছিলেন, তাদের প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার বিকেলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ময়নাতদন্ত শেষে কালিয়া গ্রামের শামীম, কুষ্টিয়ার ফারুক ও সালেকা গ্রামের শ্যামলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ৩ জনের বাড়িতে এখন শোকের মাতম। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।
এদিকে, সংঘর্ষের পরদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় দিবাগত রাতে কয়েকশ' জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। দুপুর পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৬ জন।
ছেলের সামনে মাকে নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল কালীহাতিতে এলাকাবাসীর মিছিলে পুলিশ বাধা দিলে, দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় ৩ জন।