গাজীপুরের চন্দ্রা থেকে সোমবার টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আজও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষকে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে বৃষ্টির কারণে ধীরগতিতে যানবাহন চলাচল ও ঢাকাগামী পশুবাহী ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় ভোর থেকে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আটকা পড়েছে কোরবানীর শত শত পশুবাহী যানবাহন। যানজটের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি যাত্রীদের ভোগান্তিকে আরো বাড়িয়ে দিয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ খান বলেন, রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গরুবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। এ কারণে দুইপাশে যানজটের সৃষ্টি হয়। তবে সকালে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। দুপুর নাগাদ মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি।