সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আসামি আদালতে অনুপস্থিত থাকায় সোমবার সাক্ষ্যগ্রহণ করা হয়নি।
সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ৩০ সেপ্টেম্ববর দিন ঠিক করেছেন।
বেলা ১১টায় মামলার বাদী সংসদ সদস্য আব্দুল মজিদ খানসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণের দিন ছিল তবে বাদীসহ সাক্ষীদের সকলেই আজ আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতির কারণে সাক্ষ্যগ্রহণ করা যায়নি।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের উপর ও হবিগঞ্জের বহিষ্কৃত পৌর মেয়র জিকে গৌসের জামিনের আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে আগামী তারিখে আদেশ দেবে ট্রাইব্যুনাল—জানান সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি, কিশোর কুমার কর ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লালা
উল্লেখ, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় চালানো গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন।
এ ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি মুফতি হান্নান, সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলার ৩২ আসামির মধ্যে ১৪ জন জেলহাজতে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছে।