গৃহস্থালির পন্যের নামে কন্টেইনারে করে রোববার চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় রুপি জব্দ করেছে গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে বন্দরের ৪ নম্বর জেটি ঘাটে সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেন।
মঈনুল খান বলেন, প্রায় দেড় ইঞ্চি পুরু ফ্রেমের ১৬টি বাক্স তৈরি করে তার মধ্যে থরে থরে ভারতীয় রুপিগুলো সাজিয়ে ৪টি কার্টনে রাখা ছিল। কন্টেইনারে আরো ১৬৫টি কার্টন রয়েছে। জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
গত ১২ সেপ্টেম্বর দুবাইয়ের জাবেল আলী বন্দরে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি প্রসপার নামের একটি জাহাজে এই কন্টেইনারগুলো তোলা হয়। জাহাজটি কলম্বো বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ১৬ সেপ্টেম্বর। দুবাই থেকে শাহেদুজ্জামানের নামে এসেছে এগুলো। বিবরণ অনুযায়ী, এতে গৃহস্থলীর পণ্য থাকার কথা।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার খুলে চারটি কার্টনের ভেতরে ভারতীয় মুদ্রা পান কাষ্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।