চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটি গরুর হাটে চাঁদাবাজির সময় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন।
সোমবার বিকেলে পৌর সদরের বাতেন মার্কেট এলাকায় গরুর হাটে এ ঘটনা- সন্দ্বীপ পৌর এলাকার মো. জাহাঙ্গীর (৪৮) ও মো. কবির (৩৫) নিহত হন।
সন্দ্বীপ পৌর মেয়র জাফর উল্লাহ টিটু জানান, কবির পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একটি বিস্কুট কোম্পানির বিপণন কর্মকর্তা এবং জাহাঙ্গীর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দিনমজুর।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে হাট চলাকালীন একদল লোক হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে এক দল দুর্বৃত্ত কোরবানির গরুর হাটে হাসিলের টাকা ছিনতাই করার চেষ্টা করে এতে বাধা পেয়ে তারা গুলি ছুড়লে কয়েকজন হতাহত হয়।
পৌর মেয়র জাফর উল্লাহ বলেন, পৌরসভার মালিকানাধীন হাটটি বৈশাখ মাসে দুই লাখ টাকা দিয়ে মুক্তার নামে এক ব্যক্তি ইজারা নেয়। বিকেলে হাট চলাকালীন সময়ে স্থানীয় কিছু সন্ত্রাসী টাকা দাবি করে এবং টাকা না দেয়ায় গুলি বর্ষণ করে হাসিলের টাকা ছিনিয়ে নেয়।