সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় সোমবার রাতে সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন: পাবনার চর আশুতোষপুর গ্রামের বাচ্চু (১৮), আলমগীর (২০), বিপ্লব (২৩) ও একই জেলার বেড়া উপজেলার সিএনজি অটোরিকশার চালক ফুলচাঁদ হোসেন (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রাত ১১টার দিকে সিরাজগঞ্জ রোড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে পাবনা যাওয়ার পথে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার চালক ও ৬ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে যাওয়ার রাস্তায় ৩ জন এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।