চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর পৌরসভার সড়কগুলো। সংস্কারের অভাবে বিশাল এ পৌরসভার প্রায় সব সড়কই খানা-খন্দে ভরা। চরম দূর্ভোগ পোহাচ্ছে পৌরবাসীসহ শহরে চলাচলকারী লোকজন।
১৮৫৬ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর পৌরসভা স্বাধীনতার পরপরই প্রথম শ্রেণীতে উন্নিত হয়। তবে প্রাচীন এ পৌরসভা সড়কগুলো দেখে বোঝার উপায় নেই যে, এটি শহর না কোনো নিভৃত জনপদ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ২৪ বর্গকিলোমিটার পৌরসভার প্রায় ১৫৭ কি.মি. সড়ক ছোট-বড় খানা-খন্দে ভরা। জরাজীর্ন এ সড়কে চলতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে নানা মানুষ।
ভাঙাচোড়া এ সড়ক মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে বলে জানালেন পৌর মেয়র।
এদিকে, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দুটির ফরিদপুর অংশ দীর্ঘ দিন ধরে খানা-খন্দে ভরা। সংস্কারের নামে অর্ধকোটি টাকা ব্যয় করে কাজ করা হলেও, সামান্য বৃষ্টিতে ধুয়ে গেছে পিচ। ভোগান্তিতে পড়তে হচ্ছে পোহাচ্ছে মহাসড়কে চলাচলকারী পরিবহন ও পথচারীদের।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম ফরিদপুরের এ মহাসড়ক। সড়কের প্রায় ৮০ কি.মি. অংশের বেশিরভাগ জায়গাতেই বড় বড় গর্ত। মে মাসেই স্থানীয় সড়ক বিভাগ মহসড়কের কাজ শেষ করলেও সামান্য বৃষ্টিতে এরই মধ্যে ধুয়ে গেছে পাথর আর বিটুমিনের আস্তর। রাস্তা ভরা ছোট বড় খানা-খন্দ।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ।