তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে রোববার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ২০ জন।
শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা শালীম আলম জানান, শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের কয়েক যুবক নৌকা ভ্রমন শেষে বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের বাবু নামের এক দোকানদারের কাছ থেকে আইসক্রিম ক্রয় করেন। আইসক্রিম কেনার পর বেশ কিছু সময় পর সেটি ভালো নয় দাবি করে ফেরত দিতে গেলে দোকানদার ফেরত না নেয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।
এ ঘটনায় উভয় গ্রামের মাতব্বরদের সমঝোতায় আজ-রোববার বিকেলে শালিসি বৈঠকের কথা থাকলেও গতকালের ঘটনার জের ধরে উভয় গ্রামের লোকজনদের মধ্যে বেলা পৌনে ১২টার দিকে উত্তেজনা দেখা দেয়।
উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের মৃত. জেনাত আলীর ছেলে আশরাফ আলী (৫২) ঘটনাস্থলেই মারা যান এবং এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন বলে জানান তিনি।
এছাড়াও ৭টি বাড়িঘরসহ দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্তলে পৌঁছে প্রায় ১০ রাউন্ড সর্টগানের ফাকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে— এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।