ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থেকে জঙ্গি সংগঠন ইসলামী স্টেটের (আইএস) সদস্য সন্দেহে গ্রেপ্তার তিন জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার থেকে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় শনিবার গোয়েন্দা পুলিশ বাদি হয়ে জুনাইদ, মিজানুর রহমান খান ও বদিউল হাসানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। এদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী সোহাগী স্কুল থেকে আইএসের পক্ষে প্রচারণা চালানোর সময় জুনাইদ নামে দশম শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে মধ্যপ্রাচ্যের ডাক নামে লিফলেট জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।