ইতালি ও জাপানের দুই নাগরিক হত্যার ঘটনার পর চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশিদের তালিকা তৈরি করার পাশাপাশি মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশী কার্যক্রমও জোরদার করা হয়েছে।
আমাদের সংবাদদতা জানিয়েছেন, রংপুরে জাপানি নারগরিক হত্যার খবর আসার পরই চট্টগ্রামের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা অনির্ধারিত বৈঠকে বসেন। চট্টগ্রামে এ ধরনের ঘটনায় প্রতিরোধে করণীয় নানা কৌশল নিয়ে আলোচনা হয়। বন্দরের কারণে চট্টগ্রামে অনেক বিদেশি আসা যাওয়া করেন।
এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ইউএসটিসি, চট্টগ্রাম মেডিকেল এবং ইপিজেড ইত্যাদি এলাকায় অনেক বিদেশি নাগরিক পড়াশুনা ও চাকরির জন্য বসবাস করেন। তাদের নিরাপত্তা জোরদারের বিষয়টিও প্রাধান্য পায় বৈঠকে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় উদ্বিগ্ন না হয়ে সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরো বলেন, চট্টগ্রামে থাকা তারকামানের হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করে সেখানে থাকা বিদেশিদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। সেইসঙ্গে চট্টগ্রামে অবস্থান করা ২ হাজার ৫০০ বিদেশিদের তালিকাকেও হালনাগাদ করা হচ্ছে।
এছাড়াও নগরীর বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল ও অন্যান্য গাড়িতে তল্লাশী চালানো হচ্ছে।