চট্টগ্রামের কর্ণফুলিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির গোপন আস্তানায় ফের পুলিশের অস্ত্র উদ্ধার অভিযানের সময় মঙ্গলবার গ্রেনেড বিস্ফোরণে সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ জাবেদ নিহত হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, আটক জাবেদকে নিয়ে ভোর রাতে পুলিশ নগরীর কর্ণফুলি থানার খোয়াজনগর লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজী নুর আহমদ টাওয়ারের নিচের তলায় ফের অভিযান চালায়। এ সময় গ্রেনেড বিস্ফোরিত হয়ে জাবেদ ও ৩ পুলিশ সদস্য আহত হন।
পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার রাতে নগরীর কর্ণফুলীর খোয়াজনগর থেকে গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। আটক করে জাবেদসহ জেএমবির ৫ সদস্যকে।