অপহরণের পর এক সপ্তাহ পেরোলেও উদ্ধার হয়নি বান্দরবান থেকে অপহৃত দুই পর্যটক ও তাদের গাইড। ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। তাদের উদ্ধারে ঢাকা থেকে বান্দরবান গেছেন দুই বন্ধু। এদিকে, তাদেরকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রুমায় অপহৃত দুই পর্যটক আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেনের খোজে বান্দরবানে এসেছেন তাদের দুই বন্ধু। শুক্রবার বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। নিখোঁজদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি বলে হতাশা প্রকাশ করেন তারা।
দুই পর্যটকের সঙ্গে নিখোঁজ হওয়া গাইড মাংসা ম্রোর ভাই পাসিং কারবারীর কাছে মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। তবে এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি।
বান্দরবান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার লে. কর্ণেল ওয়ালিউর রহমান, অপহৃতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবান বেড়াতে যান এ দুই পর্যটক। ৩ অক্টোবর তারা দুইজন গাইডসহ কেওক্রাডং হয়ে রুমার বিলাইছড়ির পুকুরপাড়া এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকেই কিছু সন্ত্রাসী তাদের অপহরণ করেছে বলে জানায় স্থানীয়রা।